

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মা’কে হত্যায় অভিযুক্ত ছেলে মুরাদ হাসান (১৬) আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকা উপজেলার সিডস্টোর এসে সে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে থানায় নিয়ে আসেন।
গজারিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো.মিজানুর রহমান বলেন, গতকাল (০১ এপ্রিল) রাতে মুরাদ তার বাবার নিকট ফোনে টাকা চায়। তিনি ছেলেকে টাকা পাঠানোর কথা স্বীকার করে যথারীতি যোগাযোগ রেখে এলাকায় সংবাদ দেন। পরে মুরাদকে তার বাবা আলহাজ্ব মিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বললে সে আজ স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
প্রসঙ্গত, গত সোমবার (৩০ মার্চ) উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাতার প্রবাসী মো. আলহাজ্ব মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (৩৫) এর লাশ নিজ বসতঘর থেকে উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় নিহতের নিজের সন্তান মুরাদ হাসানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মুক্তা আক্তারের বাবা মো.দানেছ মিয়া।

