

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ১৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকায় অবস্থিত যমুনা মিনি তেল পাম্পে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাড়ে ৪ হাজার লিটার অকটেন, সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং সাড়ে ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে পাম্পটি বন্ধ রেখে এসব জ্বালানি অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পাম্প কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের জন্য তেল বিক্রি উন্মুক্ত করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা জ্বালানি উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে পাম্পটি পুনরায় চালু করে দেওয়া হয়েছে, যাতে সবাই স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করতে পারে।
