

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দকর (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করেছে।
নিহত মনু শব্দকর মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্মরণ গ্রামের মৃত সন শব্দকরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে চৈত্রঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দকর। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক রনি হাসপাতালে গেলে সেখান থেকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

