

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সারা দেশের অবৈধ দখলমুক্ত ও কলকারখানার বর্জ্যে ভরাট খালসমূহ পুনরুদ্ধার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে নেয়া প্রকল্পের অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুরের চিলাই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার নিজ হাতে খনন কাজের উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী বক্তব্যে জানান, গাজীপুর মহানগরের আওতায় মোট ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি খাল পুনঃখনন করা হবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে এবং খালগুলোতে স্বচ্ছ পানির প্রবাহ নিশ্চিত করা হবে।
প্রশাসক আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে সরকার গঠন করার পর প্রথম ছয় মাসে অগ্রাধিকার ভিত্তিতে যে কর্মসূচিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে, তার মধ্যে খাল খনন কর্মসূচি অন্যতম। গাজীপুর মহানগরের ১৯টি খালের মধ্যে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এবং আগামী ছয় মাসের মধ্যে এটি দৃষ্টিনন্দন রূপে গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে, বিভিন্ন প্রজাতির ফুল ও বৃক্ষরোপণ করা হবে এবং খালের পাশে অবস্থিত কলকারখানার অপরিশোধিত বর্জ্য নিঃসরণ বন্ধে কার্যকর উদ্যোগ নেয়া হবে। প্রশাসক আশাবাদ প্রকাশ করেন, খালগুলো দখলমুক্ত ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করা গেলে নগরীর জলাবদ্ধতা সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই উদ্যোগটি গ্রহণ করায় নগরবাসী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। একই দিনে প্রশাসক গাজীপুর চৌরাস্তা এলাকায় ড্রেনের ময়লা অপসারণ কার্যক্রমের উদ্বোধনও করেন।

