

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৭ জন হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। এদের মধ্যে ১৯ জন ছেলে ও ৮ জন মেয়ে রয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪ জনের। আর ভর্তিকৃত রোগীর মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মশিউর রহমান জানান জানান, আজ মঙ্গলবার পর্যন্ত জেলা হাসপাতালের আইসোলেশন আলাদা ওয়ার্ডে ৭৭ জন হাম রোগী ভর্তি রয়েছে। আর ১৩ জন রোগীকে সুস্থ্যতার জন্য ছাড়পত্র দেয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলা থেকে ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের হাম পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ২ বছরের নীচের শিশুদের আক্রান্তের হার ৫৭ শতাংশ এবং ৯ মাসের কম বয়সী শিশুদের আক্রান্তের হার ৩২ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারী মাস থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর সংখ্যা হচ্ছে ২৯৩ জন।
