ঢাকা
logo
প্রকাশিত : March 31, 2026

হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর বাড়ীতে সিভিল সার্জনের নেতৃত্বে চিকিৎসকদল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে ১০ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় গোপালগঞ্জের সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুকের নেতৃত্বে একটি চিকিৎসকদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সিভিল সার্জনের নেতৃত্বে চিকিৎসক দলটি মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের ওই শিশুর বাড়ীতে যান।

চিকিৎসক দলটি হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু তোহার পরিবারের সদস্য ও আশপাশের মানুষের সাথে কথা বলেছেন। এসময় মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের টিএইচএন্ডএফপিও ডাঃ রায়হান ইসলাম শোভন, ডাঃ দীপ সাহা, গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস এবং ওই এলাকার স্বাস্থ্য সহকারি খোরশেদা মল্লিক ডলি উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে সমন্বিত সভা করেছেন। সেখানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএন্ডএফপিও ডাঃ রায়হান ইসলাম শোভনকে প্রধান করে মুকসুদপুর হাসপাতালে কর্মরতঃ চিকিৎসকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।

সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেছেন, আমি চিকিৎসকদের একটি দল নিয়ে ভূক্তভোগী পরিবারের সদস্য ও আশপাশের মানুষের সাথে কথা বলেছি। আশপাশের কয়েকটি এলাকায় আমরা লিস্ট করছি, যারা হামের টিকা পায়নি তাদের টিকা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জেলা ও উপজেলায় কর্মরত চিকিৎসকদের পাশাপাশি মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্তদের পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে ৬ জন সম্ভাব্য হামের রোগী ভর্তি রয়েছে। তাদের অবস্থা ভাল। আমরা তাদের নমুনা নিয়েছি। গুরত্বের সাথে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আর যে শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা গেছে তার ব্যাপারে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ বাচ্চাটি ৫ দিন আগে মারা গেছে। তার নমুনা সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। তবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি মন্তব্য করেন। গোপালগঞ্জে হামসহ সব ধরনের রোগের ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

সিভিল সার্জন আরো জানান, জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দ্রুততম সময়ে এ কার্যক্রম শুরু করা হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ জেলার মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখের তৃতীয় সন্তান ১০ মাসের তুবা ইসলাম তোহা হামের উপসর্গ নিয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা যায়। গত ১৯ মার্চ তার জ্বর দেখা দেয়। পরে শ্বাসকষ্ট ও সারা শরীরে হাম দেখা দেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram