

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঘোড়াঘাট উপজেলার আজাদমোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন এর নেতৃত্বে সালাম ভলকানাইজিং নামক একটি দোকান থেকে এসব তেল জব্দ করা হয়। অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
জানা গেছে, জব্দকৃত ডিজেল তেলের সরকারি মূল্য এক লাখ ৬১ হাজার ৭০ টাকা। পরবর্তীতে তেলগুলো স্থানীয় ‘মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশন’-এ নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ ধরনের অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রিসহ অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

