

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে রবিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় কিশোরসহ ৮ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। উপজেলার মাতাজী তদন্ত কেন্দ্র এলাকার রাইগা উচ্চ বিদ্যালয় এলাকা, আমবাগান, দীঘির পাড় এবং শিয়ালী এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক এর নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে গাঁজা, টেপান্ডাডল, বাংলা মদ সেবনরত অবস্থায় দাউল কর্জ বাড়ি গ্রামের মোঃ আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ রায়হান (৩০), শিয়ালী গ্রামের কায়েস মন্ডলের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৩), ভবানীনগর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ উর রশিদ (৪২), আতুরা গ্রামের মৃত ইসরাফিলের ছেলে মোঃ সোহাগ (৩৩), এবং একই গ্রামের কিশোর দেবু, (১৬), সুশান্ত (১৫), নীরব সেন (১৬), এবং রফিকুল ইসলাম (৬০) কে আটক করা হয়, সেই সাথে মাদক সেবনের আস্তানা ধ্বংস করা হয়।
আটককৃতদের তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে প্রথম চারজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তী অপর চারজন আটককৃত আসামীদের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়েছে।
