

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকায় রাস্তার ড্রেনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে উদ্যোগ গ্রহণ করেছেন ফ্রান্স প্রবাসী, সমাজসেবক ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার। তার ব্যক্তিগত অর্থায়নে এলাকার গুরুত্বপূর্ণ ড্রেনে পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেনটি দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। এতে করে সামান্য বৃষ্টিতেই রাস্তা ও আশপাশের বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এলাকাবাসী বিষয়টি নজরে আনলে, বদরুল আলম তালুকদার দ্রুত পদক্ষেপ নেন।
তার উদ্যোগে কয়েকজন শ্রমিকের মাধ্যমে ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এতে করে পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে এবং এলাকাবাসীর ভোগান্তি অনেকাংশে কমে এসেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে তারা চরম দুর্ভোগে ছিলেন। বদরুল আলম তালুকদারের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বদরুল আলম তালুকদার বলেন, আমি সব সময় চেষ্টা করি আমার এলাকার মানুষের পাশে থাকতে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রবাসে অবস্থান করলেও বদরুল আলম তালুকদার নিয়মিতভাবে নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন, যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
