

এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেল স্টেশনের অদূরে তেল পাম্পের পাশে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।
তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে, স্থানীয়দের ধারনা ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন।
বারোবাজার স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন পার হয়ে ২০০ গজ দুরে পৌছালে সে কাটা পড়ে। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে যোগ করেন।
