

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন চিৎকার করে অন্যদের খবর দেন। পরে আশপাশের মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ১৫টি দোকানের সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাপড়, ওষুধ, কসমেটিকস, মুদি, ফলের আড়ত, ইলেকট্রনিকস ও স্বর্ণের দোকান রয়েছে। দোকানে থাকা নগদ অর্থও আগুনে পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
গভীর রাতে আগুন লাগায় অধিকাংশ ব্যবসায়ী দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাঁদের প্রায় ২ কোটি টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহিদুল ইসলাম বলেন, রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে বাজারে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।
তিনি বলেন, একটি দোকানে থাকা আইপিএসের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারিভাবে সহায়তার আশ্বাস দেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষ থেকে সাটুরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমানসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
