

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে তাদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলার ১০৫ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সাথে তাদের যেকোন প্রয়োজনে প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও জানানো হয়।
এসময় হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
