

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনকে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও সাধারণ মানুষ।
আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, রাস্তার এক পাশজুড়ে কয়েকশ’ মোটরসাইকেল ও গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অনেকেই সকাল থেকেই লাইনে অবস্থান নিয়েছেন, যাতে সকালে তেল পাওয়ার সম্ভাবনা থাকে। তবে সরবরাহ সীমিত হওয়ায় সবাই তেল পাচ্ছেন না।
একজন মোটরসাইকেল চালক জানান, সকাল ৯টা থেকে অপেক্ষা করছি, এখন সকাল ১০টা বাজে—এখনও তেল পাইনি। অফিসে যেতে দেরি হচ্ছে, কিন্তু কিছু করার নেই।
একটি পণ্যবাহী ট্রাকের চালক বলেন, “তেল না পেলে গাড়ি চালানো সম্ভব না। এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে, সময়মতো পণ্য পৌঁছানো যাচ্ছে না।”
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিয়মিত সরবরাহ না পাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। একজন ফিলিং স্টেশন এর ম্যানেজার জানান, আমাদের কাছে যতটুকু তেল আসে, তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে আমরা বাধ্য হয়ে সীমিত পরিমাণে তেল বিক্রি করছি। এদিকে দীর্ঘ লাইনের কারণে যানজটও বেড়ে গেছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উমর ফারুক জানান, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে কিছু অসাধু চক্র তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি ও দাম বাড়ানোর পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
