ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৬
logo
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬

শীঘ্রই হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রদীপ কুমার দেবনাথ, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এডভোকেট সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী জুন মাসের শেষ দিকে কৃষক কার্ড এবং পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

এছাড়া, কৃষকদের কৃষিঋণ সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দুঃস্থ ও গরিব মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। তিনি বলেন, “সারা দেশের মতো বেলাবো-মনোহরদী অঞ্চল থেকেও মাদক ও দুর্নীতি নির্মূল করা হবে।”

তিনি এ সময় বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং পর্যায়ক্রমে সারাদেশকে এর আওতায় আনা হবে। স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া সকল নাগরিককে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেন তিনি।

পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯৩ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৬ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বেলাব আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, বেলাবো উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram