

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুরস্থ ঐতিহ্যবাহী মুন্সীবাড়ির উদ্যোগে বুধবার (১৮ মার্চ) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
‘সুহাস-সমর ওয়েলফেয়ার সোসাইটি’র আয়োজনে কুঞ্জবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দারিদ্র্যমুক্ত একটি সুশৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।” প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার ৩০০ জন মুসলিম নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া হয়।
