ঢাকা
logo
প্রকাশিত : March 17, 2026

ঘোড়াঘাটে শিলাবৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড ভুট্টার ক্ষেত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টির তাণ্ডবে ভুট্টার আবাদে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। হঠাৎ করে হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে মাঠজুড়ে থাকা পাকা ও আধাপাকা ভুট্টাক্ষেত মুহূর্তেই নষ্ট হয়ে গেছে। ফলে কৃষকদের মাঝে চরম হতাশা ও অনিশ্চয়তা বিরাজ করছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে তীব্র শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ ভুট্টাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিনে দেখা গেছে, শিলার আঘাতে অধিকাংশ ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। অনেক জায়গায় গাছ ভেঙে গেছে, আবার কোথাও জমে থাকা পানির নিচে তলিয়ে গেছে ভুট্টার ক্ষেত। এতে করে চলতি মৌসুমে ভুট্টা উৎপাদনে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, এ সময় ভুট্টা ছিল দানা গঠনের গুরুত্বপূর্ণ পর্যায়ে। ফলে শিলাবৃষ্টির আঘাতে শুধু গাছই নয়, গাছের দানাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলনের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

উপজেলার সোনারপাড়া গ্রামের কৃষক নাইমুর রহমান বলেন, “আমার প্রায় ৩ বিঘা জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জমিতে যা দেখছেন, সব মাটিতে পড়ে আছে। এত কষ্ট করে চাষ করেছিলাম, এখন সব শেষ। ঋণ করে চাষ করেছি, কীভাবে শোধ করবো বুঝতে পারছি না।”

লোহারবন্দ গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, “শিলাবৃষ্টির সময় মনে হচ্ছিল আকাশ থেকে পাথর পড়ছে। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল। একটা গাছও ঠিক নেই। এবার লাভ তো দূরের কথা, পুঁজি ফেরত পাওয়াও কঠিন হয়ে যাবে।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু ক্ষতিপূরণ বা সহায়তা অনেক সময়ই সময়মতো পান না। তাই তারা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে সরকারি প্রণোদনা ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত আর্থিক সহায়তা, বীজ ও সার প্রণোদনার মাধ্যমে পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে তারা আবার নতুন কোন চাষাবাদ শুরু করে ক্ষতি পুষিয়ে নিতে পারেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাতে শিলাবৃষ্টির কারণে ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে তাদের সরকারি সহায়তার আওতায় আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার এই অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং সহনশীল জাতের ফসল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram