

কেরানীগঞ্জ প্রতিনিধি: জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে সরকারকে নির্বাচিত করেছে, সেই আস্থার প্রতিদান দিতেই সরকার কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব আমান উল্লাহ আমান।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি থেকে খোয়ালখালী পর্যন্ত ৪.৬১ কিলোমিটার খাল পুনঃখননের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই একটি গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে আস্থা ও সমর্থন দিয়েছে, তার প্রতিদান দিতে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ভোটের কালি মুছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কার্যক্রম শুরু করেছে। সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

