

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসছে। প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হবে। শুধু খাল খনন নয় কোন ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবেনা।
সোমবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার মুরাইল ভাবকী এলাকায় জেলায় প্রায় সাড়ে ১৫ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, সদ্য নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দরা।
দেশব্যাপী নদী, নালা খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসুচির আওতায় জয়পুরহাটে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ১৫.৩১ কিলোমিটার ৪টি খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা।
পরে প্রতিমন্ত্রী কাথাইল গোপিনাথপুর স্কুল মাঠে আলোচনা সভায় অংশ নেন।
এ ছাড়াও বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পৃক্ত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।

