

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের প্রতিকার চেয়ে ঐ ইউনিয়নের তিন নারী সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গতকাল (১২/৩/২৬) লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকার প্রতি ঈদের প্রাক্কালে স্থানীয় ভূমিহীন, দিনমজুর, দুঃস্থ ও অসহায় পরিবার গুলোকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করে।
এই ভিজিএফ কার্ড বিতরণে বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ইউনিয়ন পরিষদের তিন নারী সদস্যের কাউকেই এ কাজে সম্পৃক্ত না করে পছন্দের লোকদের মধ্যে এ কার্ড বিতরণ করছেন। পরে অনিয়ম প্রতিকার চেয়ে অভিযোগ করেন ওই নারী সদস্যরা।
এ বিষয়ে অভিযোগকারী তিন নারী মেম্বার রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেমা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যান প্রতিবারই ভিজিএফ কার্ড বিতরণের সময় তাদের তিনজনের কাউকেই অবগত না করে তার পছন্দের লোকদেরকে কার্ড বিতরণসহ নানা অনিয়ম করেন। তাই নিরুপায় হয়ে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
এ বিষয়ে চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, এবার ঈদে প্রথমে ২০০০ হাজার ভিজিএফ কার্ড পাব, এমন চিঠি পেয়েছিলাম। কিন্তু কার্যত শেষ পর্যন্ত পেয়েছি মাত্র ২০৮টি কার্ড। ফলে প্রতি ওয়ার্ডের পুরুষ মেম্বারদেরকে চাহিদা মত কার্ড দিতে পারি নাই, মহিলা মেম্বারদের কিভাবে দিব ?
ইউএনও মাহমুদুল হাসান বলেন, "বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখতে পিআইওকে নির্দেশ দিয়েছি। আগামী রবিবার (১৫/৩/২৬) চেয়ারম্যানকে আমার কার্যালয়ে তলব করা হয়েছে। সবার কথা শুনে অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
