ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৯
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ খোলা পাত্রে তেল বিক্রির মহোৎসব, কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরের পরপরই চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে তেল সংগ্রহের এক নজিরবিহীন হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। গত বৃহস্পতিবার সকাল থেকেই জেলাজুড়ে এই অস্থির পরিস্থিতি শুরু হয় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের মালিকরা পাম্পগুলোতে দীর্ঘ লাইন ধরে জ্বালানি সংগ্রহ করছেন। তবে এই ভিড়ের মাঝে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে খোলা পাত্রে তেল বিক্রির মহোৎসব।

গত কয়েক দিন ধরে সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পেট্রোল পাম্পের কর্মীরা বোতল, জারকিন ও ড্রামে দেদারসে তেল বিক্রি করছেন। বুধবার সকালে শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজার সংলগ্ন পেট্রোল পাম্পটিতে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষ হাতে ৫-১০ লিটারের জারকিন নিয়ে তেলের জন্য অপেক্ষা করছেন এবং পাম্পকর্মীরা কোনো বাধা ছাড়াই তেল সরবরাহ করছেন।

একই দৃশ্য দেখা গেছে গত বৃহস্পতিবার শিবগঞ্জ বাজার ও পুকুরিয়া এলাকার পাম্পগুলোতেও। সেখানেও নিয়মবহির্ভূতভাবে খোলা পাত্রে জ্বালানি সরবরাহের চিত্র ফুটে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে-এমন আতঙ্কে এক শ্রেণির মানুষ ব্যক্তিগত ও ব্যবসায়িক উদ্দেশ্যে বাড়িতে তেল মজুদ করার প্রতিযোগিতায় নেমেছেন। একজনের দেখাদেখি অন্যরাও দলে দলে বড় বড় পাত্র নিয়ে পাম্পে হাজির হচ্ছেন। এভাবে খোলা পাত্রে দাহ্য পদার্থ বিক্রি করা এবং বসতবাড়িতে তা মজুদ করে রাখা চরম অগ্নিঝুঁকি তৈরি করছে। সাধারণ যানবাহন চালকরা অভিযোগ করেছেন, এভাবে ঢালাওভাবে জারকিনে তেল বিক্রির ফলে তারা পাম্পে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা করা হচ্ছে।

একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তৈমুর রহমান বলেন, পণ্যের অর্ডার এবং ব্যবসার টাকা আদায়ের জন্য সারাদিনে মোটরসাইকেলে করে ঘুরতে হয়। কিন্তু পাম্পে এসে অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। আবার দেখি বোতল-জারকিনে তেল বিক্রি করা হচ্ছে। এটা অবৈধ হওয়া সত্ত্বেও কারোর ভ্রুক্ষেপ নেই।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হোসেন আলিম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, জেলায় পদ্মা, মেঘনা এবং যুমনা কোম্পানীর অধীন ৩২ টি পেট্রোল পাম্প রয়েছে। তিনি জানান, জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে খোলাভাবে অর্থাৎ বোতল কিংবা জারকিনে তেল বিক্রি করার খবর আমরাও পাচ্ছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। এই প্রবণতা অবিলম্বে বন্ধ করা দরকার। এটি একটি আইনবহির্ভূত কাজ। তবে, ইরি-বোরো জমির সেচ ও কিছু জরুরি কাজ ছাড়া খোলা তেল বিক্রি করাই নিষিদ্ধ। এরপরেও খোলা পাত্রে তেল বিক্রি হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।

পাম্প মালিকদের পক্ষ থেকে নিয়মনীতি মেনে চলার আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। এতে করে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছাড়া এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

সার্বিক বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হলাম। এ নিয়ে উপজেলার নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হবে। আশা করা যাচ্ছে, দ্রুতই এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram