ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2026

যশোরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি অপহৃত, মুক্তিপণ দাবি

যশোর প্রতিনিধি: যশোরে আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধি অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা তার স্ত্রীর কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। একই সঙ্গে আবিদের বাবার মোবাইল ফোনেও টাকা চেয়ে বার্তা পাঠানো হয়েছে।

অপহৃত আবিদ হোসেন যশোর সদর থানার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি যশোর উপজেলার ছাতিয়ানতলা অফিসে গ্রামীণফোনের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত।

আবিদের স্ত্রী মিনি খাতুন অভিযোগ করেন, বুধবার (১১ মার্চ) সকালে তার স্বামী বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। দুপুরে তিনি ফোন করে জানান, খাবার খেতে দোকানে যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। রাত ৭টা ৫২ মিনিটের দিকে অফিস থেকে ফোন করে আবিদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে তিনি স্বামীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ পান।

তিনি আরও জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে ০১৩১২১১৮৪৮৮ নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করতেই আবিদ কান্নাজড়িত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানান। এর কিছুক্ষণ পর আবিদের বাবার মোবাইল ফোনে কল দিয়ে অপহরণকারীরা বলে, “এখনই এক লাখ টাকা বিকাশে পাঠাতে হবে, না হলে আবিদকে মেরে ফেলব।” পরে আবিদের বাবার হোয়াটসঅ্যাপ নম্বরেও টাকা চেয়ে বার্তা পাঠানো হয়। অপহরণকারীরা দাবি করে, আবিদের কাছ থেকে নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলেও একাধিকবার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিনি খাতুন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ২ মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার স্ত্রীর কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার ৯ দিন পর ১১ মার্চ রাতে চৌগাছা উপজেলার খলসি গ্রাম থেকে র‍্যাব সদস্যরা তাকে উদ্ধার করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram