

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও বার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরকাওনা এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভাটখালি গ্রামের মৃত আঃ রব হাওলাদারের ছেলে মোঃ মনির হোসেন হাওলাদার (৪২)।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ তরিকুল ইসলাম কেরানীগঞ্জের কদমতলী ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় মূলহোতা কালা জরিফ পলাতক রয়েছে।
পুলিশ জানায়, ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টহলদল ওই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে পলাতক আসামি মোঃ জারিফ মিয়া ওরপে কালা জারিফের (৪৩) হাসনাবাদ সুপার মার্কেটের বিশিষ্ট বিল্ডিংয়ের ২য় তলায় তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম, দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল, প্রতিটি পিস্তলের একটি করে ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় ৯ এমএম পিস্তলের একটি গুলি ও ক্যালিবার পিস্তলের ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছিল। ঢাকা জেলায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পলাতক আসামির কালা জরিপের নামে বিভিন্ন ধারায় ৮টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

