

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী এবং আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী।
অনুষ্ঠানে থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

