

লোকমান হোসেন পলা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র্যালি ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে কসবা কুটি ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদার নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস সদস্য ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন, কসবা কুটি ফায়ার স্টেশনের লিডার নাজমুল হুদা প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সবাই সচেতন থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

