

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ৩ পিস নেশাজাতীয় এসকাফ সিরাপসহ আবু সালেহ স্নেহ (৩৭) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার আড়ানগর ইউনিয়নের প্রেমতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্নেহ নওগাঁ সদর এলাকার চক এনায়েত মাষ্টারপাড়ার মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। সে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
থানা পুলিশ জানান, গোপন সংবাদের মাধ্যমে ধামইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আড়ানগর ইউনিয়ন থেকে ৩ পিস এসকাফ সিরাপসহ আবু সালেহ স্নেহকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত আরও দুইজন পুলিশের উপস্থিতি জানতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং-১৪, তারিখ-০৯/৩/২৬ ইং।
নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার জানান, কেহ অপরাধমূলক কোন কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। তবে মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণ পেলে অবশ্যই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, মামলার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

