ঢাকা
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

বড়লেখায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দুবাইয়ের আজমান সিটিতে ইরানের ছোড়া ক্ষেপনাস্ত্রের আঘাতে নিহত বড়লেখার প্রবাসী সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর মরদেহ তার স্ত্রী-সন্তানদের কাছে হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

সোমবার বিকেল তিনটায় মৌলভীবাজারের বড়লেখা পৌরসভাধীন গাজিটেকা বাঁশতলা গ্রামে নিজ বাড়িতে নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর লাশ নিয়ে পৌঁছলে স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনদের সাথে প্রতিবেশিরাও কান্নায় ভেঙ্গে পড়েন। লোকে লোকারণ্য হয়ে ওঠে নিহত এই প্রবাসীর বাড়ি।

পরে মন্ত্রী দাফন-কাফনের জন্য নিহতের স্ত্রী মিনু বেগম, ছেলে জাকির হোসেন ও বোরহান উদ্দিন এবং মেয়ে সাজেদা হকের হাতে তাৎক্ষণিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার, মৌলভীবাজার জেলা প্রশাসনের ১ লাখ টাকা ও বড়লেখা উপজেলা প্রশাসনের ২০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন। এসময় তিনি তাদেরকে সান্তনা দিয়ে সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

বিকেল ৫ ঘটিকায় তিনি মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন। গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে নিহত প্রবাসী সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টায় সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে নিহত সালেখের লাশ পৌঁছলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখান থেকেই লাশ গ্রহণ করে সড়ক পথে বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকেল তিনটায় পরিবারে কাছে লাশ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সচিব নিয়ামত উল্যাহ ভুঁইয়া, মন্ত্রণালয়ের ওয়েজ ওর্নার বোর্ডের ডিজি ব্যরিস্টার সারোয়ার কামাল, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন, বড়লেখা ইউএনও গালিব চৌধুরী, ওসি মো. মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক প্রমুখ।

লাশ হস্তান্তর শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি দুবাইয়ে নিহত বড়লেখার সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী লাশ নিয়ে তার বাড়িতে এসেছেন। তিনি মারা যাওয়ার পর থেকেই পরিবারটির খোঁজ-খবর নিয়েছেন, লাশ দেশে আনার জন্য সবধরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আমাদের প্রধানমন্ত্রী। আজকে (সোমবার) সকালেও তিনি ফোন করে জেনেছেন আমি লাশ নিয়ে যাচ্ছি কি-না। আরিফুল হক চৌধুরী আরো বলেন, নিহত সালেখ উদ্দিনের পরিবারের জীবিকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সরকার। ছেলে-মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে কর্মক্ষম সদস্যকে কর্মসংস্থান দেওয়া হবে। শুনেছেন এক ছেলে অসুস্থ এবং স্ত্রীও প্রতিবন্ধী। ছেলের চিকিৎসার ও স্ত্রীর প্রতিবন্ধী ভাতার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু সালেখ উদ্দিন নয়, মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত প্রত্যেক প্রবাসীর ক্ষেত্রে সরকার একই ব্যবস্থা নিবে। প্রবাসীদের ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে যাদের ভিসার মেয়াদ এক্সপায়ার হয়েছে তাদের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে প্রবাসীদের সরকারিভাবে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা রয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram