

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ গোষ্ঠী নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ গোষ্ঠী প্রশাসন, রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এলাকাজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, এসব অপপ্রচার ও গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় এমপি শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের এই অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি গোষ্ঠী, একটি অশুভ শক্তি বিশাল ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রশাসন, রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে। এর মাধ্যমে এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার প্রতিনিধিকে অনুরোধ করব—এই ধরনের অপপ্রচারকারীদের বিষয়ে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। এক শতাংশও ছাড় দেওয়া যাবে না।
তিনি বলেন, কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে গুজব ছড়াচ্ছে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
এমপি বলেন, যারা গুজব রটাচ্ছে, প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—তাদেরকে সাংবাদিক হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টাকারী হিসেবে চিহ্নিত করতে হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
তিনি প্রশাসনের উদ্দেশে আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ, মাদক, চাঁদাবাজি ও গুজব—সবকিছুর বিরুদ্ধেই কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে, যা অনেক সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, যানজট, বাজার ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।
উপজেলার শান্তি ও উন্নয়ন ধরে রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

