ঢাকা
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেছেন, দলীয় নেতাকর্মীদের জন্য স্পষ্ট নির্দেশনা রয়েছে—পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাতে জড়ানো যাবে না। তিনি বলেন, “আমি এটা বারবার বলে যাচ্ছি, শুনে রাখবেন। কারও কোনো কাজ থাকলে ব্যক্তিগতভাবে করবেন। যদি কারও কাজ না হয়, আমি আছি। কিন্তু অফিসে গিয়ে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী কিংবা পুলিশের সঙ্গে কোনো বেয়াদবি করবেন না।”

সোমবার (৯ মার্চ) বিকেলে দিনাজপুর জেলার খানসামা উপজেলা উপজেলা হলরুম কমপ্লেক্সে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, “যারা রাজনীতি বোঝেন, তারা বুঝতে পারছেন—আমরা এখন একটি কঠিন সময় অতিক্রম করছি। আমাদের নেতা আগেই বলেছিলেন, এই নির্বাচন সহজ হবে না। বাস্তবেও তাই হয়েছে। সামনে আরও কঠিন সময় আসছে। এখন পর্যন্ত আমরা পুরোপুরি শৃঙ্খলার মধ্যে আসতে পারিনি।”

তিনি আরও বলেন, “আগে বিভিন্ন মুভমেন্ট, হরতাল ও মিছিল করার সুযোগ ছিল। এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনী এখন সক্রিয়। এই পরিস্থিতিতে আমাদের আরও বেশি সজাগ থাকতে হবে। যারা সুবিধাবাদী, সুযোগসন্ধানী কিংবা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে চায়—তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। ইনশাআল্লাহ, আমরা তা হতে দেব না।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আজ যদি নির্বাচনের ফল উল্টো হতো, তাহলে আপনারা কি নিজ নিজ ঘরে নিরাপদে থাকতে পারতেন? ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের এখনো যারা অস্বীকার করে, তারা নানা অপপ্রচার চালাচ্ছে। আমার নেতার পরিবারের সদস্যদের নিয়েও অশালীন কথা বলা হয়েছে। ভোটার আইডি ব্যবহার করে মানুষকে হেয় করা হচ্ছে।”

গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, “এখন এমন সময় এসেছে—এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারও মানহানি করা হচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারে না কী সত্য, কী মিথ্যা। শুধু গুজব রটনাকারীরাই এসব জানে। তাই এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ, মোসলেম উদ্দিন সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram