

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার সাধারণ মানুষ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও স্থানীয় বাজারগুলোতে হঠাৎ করে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় পরিবহন, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়ছে এলাকাবাসী।
স্থানীয় বাজারগুলোতে গেলো শুক্রবার থেকে হঠাৎ করে জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় পরিবহন, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়ছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, এ উপজেলায় কোনো পাম্প না থাকায় লাইসেন্সবিহীন কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তারা পরিকল্পিতভাবে খুচরা দোকানও বন্ধ রেখে সরবরাহে বাধা দিচ্ছেন। এর সুযোগে জ্বালানির দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে জ্বালানি কিনতে পারছেন না এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া, উপজেলার মিনি ফুয়েল স্টেশন মেসার্স আনজুম ট্রেডার্স বন্ধ থাকার কারণে প্রতিদিন শত শত বাইকার দীর্ঘ সময় অপেক্ষা করার পর নিরাশ হয়ে ফিরে যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ বলেন, বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
