

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকও আটক করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার কারখানা বাজার এলাকার কাউলতিয়া ও পিরুজালী এলাকায় টানা তিন রাত ধরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস।
অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে কৃষিজমি ও অবকাঠামোর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে জেলা প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

