

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “সংযোগ” ফাউন্ডেশন এর উদ্যোগে কুড়িগ্রামের চিলমারীতে দুইটি অসহায় পরিবারকে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় সহায়তা প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে আবু হাসান নামে এক ব্যক্তিকে ছোট মুদি দোকানের প্রয়োজনীয় মালামাল এবং নুর ফাতেমা নামে এক নারীকে একটি বকনা গরু প্রদান করা হয়।
শুক্রবার সংগঠনের পক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাদের নিজ নিজ বাড়ীতে গিয়ে এসব মানবিক সহায়তা প্রদান করেন।
জানা গেছে, ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার সবুজপাড়া এলাকার আবু হাসানকে একটি ছোট দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়।আবু হাসান ২০০৭ সাল থেকে দীর্ঘদিন ধরে অসুস্থ। দুইবার অপারেশন করেও তার পেটের টিউমার পুরোপুরি ভালো হয়নি। বর্তমানে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। তার মানবিক পরিস্থিতি বিবেচনা করে সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার চাহিদা অনুযায়ী দোকানের মালামাল দিয়ে তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া হয়।

এছাড়াও একই লক্ষে উপজেলার জোড়গাছবাজার এলাকার হতদরিদ্র নুর ফাতেমাকে একটি বকনা গরু প্রদান করা হয়েছে। যাতে তিনি গরু পালন করে ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারেন। ভবিষ্যতে এই গরু থেকে আরও গরু বৃদ্ধি পাবে এবং তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগের পক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাদের নিজ নিজ বাড়ীতে গিয়ে এসব মানবিক সহায়তা প্রদান করেন।
মানবিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, শিক্ষক ও সংযোগ স্বেচ্ছাসেবক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক মিনহাজুল ইসলাম সীমান্ত, রুনা বেগম, নাসরিন আক্তার, সীমা আক্তার, সিফাত ইসলাম, খোরশেদ আলম, লাবিব হাসান, তারিফ হাসান প্রমুখ।
