ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৮
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

আগে ভালো মানুষ হতে হবে, পরে সেবক: এমপি মশিউর রহমান

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: “ভালো কর্মকর্তা, ভালো শিক্ষক অথবা যে পেশাতেই থাকি না কেন, সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। তাহলেই আমরা মানুষের প্রকৃত সেবক হতে পারব।”বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান এ কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি, হয়রানি ও দাপ্তরিক জটিলতা কমিয়ে দ্রুত সেবা প্রদান করতে হবে।” তিনি সরকারি অফিসে সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মোল্লাহাটকে একটি আধুনিক, সুশাসিত ও উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়ন এবং ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

সভায় দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগ দিয়ে তা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “সমস্যা থাকবে, কিন্তু সমাধানের মানসিকতা থাকতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে মোল্লাহাটে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।”

উপজেলা নিবার্হী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তেন মং, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার ও সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে সংসদ সদস্য বলেন, “মানুষের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ ধারণ করেই আমরা উন্নত ও সমৃদ্ধ মোল্লাহাট গড়ে তুলব।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram