

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সরকারি কর্মকর্তাদের সাথে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসময় বক্তব্য রাখেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেব খাঁন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, কৃষি কর্মকর্তা অভিজিত সরকার, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন আশরাফী, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম’র সম্পাদক নজরুল ইসলাম সাগর ও রিপোর্টার্স ক্লাব সভাপতি শাহিন মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, নদী খনন, সমাজ সেবা, কৃষি ও সেচের বিভিন্ন সমস্যা ও এর সমাধানে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান তার বক্তব্যে সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষ রোপন করেন। এ সময় উপজেলার সকল দফতরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
