ঢাকা
logo
প্রকাশিত : March 4, 2026

বড়লেখায় বিজিবি সদস্যদের হুমকি-ধমকি দিয়ে ভারতীয় অবৈধ মহিষের চালান পাচার

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিজিবির টহলদলের সদস্যদের মব সৃষ্টি করে অপদস্থের অপচেষ্টা ও হুমকি-ধমকি দিয়ে রাস্তা বদলিয়ে বড় একটি ভারতীয় অবৈধ মহিষের চালান নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে এলাকার চিহ্নিত ভারতীয় গরু-মহিষ ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাতে বড়লেখা পৌরশহরের পাখিয়ালা চৌরাস্তা পয়েন্টে এই ঘটনাটি ঘটেছে।

বিজিবি বিওসি টিলা বিওপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী বিওসি কেছরীগুল এলাকা থেকে ভারতীয় অবৈধ মহিষের একটি বড় চালান পাচারের গোপন সংবাদ পায় বিজিবি বিওসি টিলা ক্যাম্প। এরপ্রেক্ষিতে হাবিলদার আলভার্ট সাংবার নেতৃত্বে ৬ সদস্যের টহলদল ডিমাইবাজার ও বড়লেখা পৌরশহরের পাখিয়ালা চৌমুহনী এলাকায় নজরদারি চালায়। ভোররাত সাড়ে পাঁচটার দিকে পাখিয়ালা পয়েন্টে সাব্বির নামক ১৬/১৭ বছরের এক কিশোরকে মোটরসাইকেলে বসে সন্দেহজনক আচরণ করতে দেখে বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করে। সন্তোষজনক জবাব না দেওয়ায় তার হাতে থাকা মোবাইল ফোন যাচাই করে কেছরীগুল এলাকার এক চিহ্নিত চোরাকারবারির নম্বর পাওয়ায় বিজিবি নিশ্চিত হয় সে পাচারকারী চক্রের সোর্স। পরে বিজিবির জেরায় সে কেছরীগুলের শরফ উদ্দিন নবাবের ভাতিজা বলে জানায়। এরমধ্যে তার চাচা শরফ উদ্দিন নবাব ২০/২৫ জন লোক নিয়ে ওই ছেলের মোবাইল নেওয়া ও যাচাই নিয়ে বিজিবির সাথে তর্কে জড়িয়ে পড়েন, আঙ্গুল উচিয়ে হুমকি-ধমকি ও মব সৃষ্টির মাধ্যমে টহল দলের প্রধান হাবিলদার আলভার্ট সাম্বাকে অপদস্থ ও হেনস্থার অপচেষ্টা চালান। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, বিজিবির টহলদলকে সুকৌশলে ব্যস্ত ও ভীতসন্ত্রস্ত করে রোড পরিবর্তন করে অবৈধ মহিষের চালান নিয়ে গেছে পাচারকারী চক্র।

বিজিবি বিওসি টিলার হাবিলদার আলভার্ট সাংবা জানান, মহিষ পাচারের গোপন সংবাদে ৬ সদস্যের টহলদল নিয়ে তিনি ভোর পাঁচটার দিকে ডিমাই বাজার, কেছরীগুল ও বড়লেখা পাখিয়ালা চৌরাস্তা পয়েন্ট পর্যন্ত টহল দিচ্ছিলেন। কেছরীগুল এলাকার দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্র মোটরসাইকেল নিয়ে বসে ফোনে কথা বলতে দেখে সন্দেহ করেন। মোবাইল চেকিংয়ে দেখা যায় সে একজন পাচারকারীর সাথে কথা বলেছে। জেরায় বলেছে সে শরফ উদ্দিন নবাবের ভাতিজা এবং তার নাম সাব্বির আহমদ, দশম শ্রেণির ছাত্র। নিশ্চিত হন সে ওই অবৈধ ভাতীয় মহিষ পাচারকারি নবাবের সোর্স এবং মহিষের চালান নবাবেরই। কিছুক্ষণ পর শরফ উদ্দিন নবাব ঘটনাস্থলে পোঁছে বিজিবির সাথে চরম অসদাচরণ, হুমকি-ধমকি ও নানা তকমা লেপনের অপচেষ্টা করেন। পরে মোবাইল ফোন ফেরৎ দিয়ে বিজিবি সদস্যদের নিয়ে তিনি ক্যাম্পে চলে যান। এ ব্যাপারে বিজিবি-৫২ ব্যাটালিয়ন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে শরফ উদ্দিন নবাব জানান, বিজিবির কোনো টহল দলের সাথে তার কোনো ধরণের বাক-বিতন্ডা এমনকি দেখা সাক্ষাৎও হয়নি। পুরো ঘটনা অস্বীকার করে বলেন, তিনি অবৈধ কোনো ব্যবসা করেন না, ভারতীয় অবৈধ গরু-মহিষ পাচারের সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram