

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: চোরা শিকারীদের দৌরাত্ম্যে হুমকির মুখে সুন্দরবনের প্রাণী সম্পদ। উপকূলীয় এলাকার সংঘবদ্ধ শিকারী চক্র চোরাগোপ্তা পন্থায় বনে ঢুকে ফাঁদ পেতে নির্বিচারে হরিণ শিকার করছে। শিকারীদের ফাঁদে শুধু হরিণই নয় অটকা পড়ছে বন্য শুকর ও বাঘ। তবে বনরক্ষীরা শিকারীদের প্রতিহত করতে অভিযান অব্যাহত রেখেছেন। বন অপরাধে আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হচ্ছে।
পূর্ব সুন্দরবন বিভাগ সূত্র জানায়, গত মে মাস থেকে ফেব্রুয়ারী মাস পর্যন্ত ১০ মাসে রেঞ্জের শরণখোলা ও চাঁদপাই এলাকার বনরক্ষীরা অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার ফুট হরিণ ধরার মালা ফাঁদ, ২৪২ কেজি হরিণের মাংস, ৩৫২টি ট্রলার ও নৌকা, ৮’শ ১৬ কেজি কাকড়া, ৫ হাজার কাকড়া ধরার চারু, ২৩১টি মাছ ধরার জাল, ২২ বস্তা শুটকি মাছ জব্দ করা হয়। জীববৈচিত্র্য ধ্বংস করার এসব অভিযোগে ৩১৩ জনকে আটক করে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বনের কটকা, কচিখালী,ডিমেরচর, সুপতি, ছাপরাখালী, আলোরকোল, শ্যালা, নারকেলবাড়িয়া, মরাপশুর, ধানসাগর এলাকাসহ মধ্য সুন্দরবনে হরিণ শিকারসহ বিভিন্ন অপরাধ সংঘঠিত হচ্ছে। হরিণের মাংস বিক্রি ছাড়াও কাকড়া ধরতে টোপ হিসেবে অনেক জেলে হরিণ মেরে মাংস ব্যবহার করছে। বন অপরাধীরা উপকূলের শরণখোলা, পাথরঘাটা, মোংলা, রামপাল, সাতক্ষীরার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সুন্দরবন সুরক্ষা বিষয়ক ভিলেজ টাইগার রেসপনটীম(ভিটিআরটি) শরণখোলা উপজেলা শাখার ফেসিলেটেঁটর মোঃ আলম হাওলাদার জানান, গত প্রায় দেড় বছর ধরে সুন্দরবনের হরিণ নিধন প্রায় তিনগুণ বেড়ে গেছে। শিকারীদের ফাঁদে শুধু হরিণই ধরা পড়ছেনা বনের প্রধান প্রাণী বাঘও আটকা পড়ছে। চোরা শিকারীদের প্রতিহত করা না গেলে সুন্দরবনের প্রাণীকুল হুমকির মুখে পড়বে।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীরা সদা তৎপর রয়েছে। বন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বনবিভাগ। বনরক্ষিদের নিয়মিত অভিযানের ফলে বন অপরাধ ক্রমশ কমে আসছে।
