

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধিত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। সোমবার (২ মার্চ, ২০২৬) দুপুরে নওগাঁ শহরের উকিলপাড়াস্থ ‘প্রজন্ম পাঠাগার ও প্রজন্মের মেলা’র কার্যালয়ে জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী শাখা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) নওগাঁ জেলা এই সংবর্ধনার আয়োজন করে।
অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী দেশের কারিগরি শিক্ষা ও গবেষণায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে করোনাকালীন পরবর্তী সময়ে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী করে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর নির্দেশনায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আয়বর্ধক কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
অধ্যক্ষ রিজভীর সুযোগ্য নেতৃত্বে তাঁর প্রতিষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ একাধিকবার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। তাঁর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অর্জনের মধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (কারিগরি) ক্যাটাগরিতে ২য় স্থান অর্জ, ২০২৪: রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি), ২০২২: নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি), প্রাতিষ্ঠানিক স্বীকৃতি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (a2i) প্রজেক্টের মাধ্যমে ২০১৬ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়া এবং ২০২২ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি নওগাঁর অ্যালামনাই সদস্য ও সাবেক সভাপতি নাকিব আল হাসান, বর্তমান সভাপতি সুজলা বানু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মিজান এবং সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাওন। এছাড়াও ট্রেজারার রতন বর্মন, হিউম্যান রিসোর্স অফিসার আনিকা তাসনিম, প্রজেক্ট অফিসার আরাফাত আবেদীন, পাবলিক রিলেশন অফিসার আসাদ আহমেদসহ কমিটির সদস্য মমতা হেনাহ মিন্নি, খাইরুল বাসার এবং সাধারণ সদস্য মাহফুজ হোসেন, মেহেরীন আফরোজ, নুসরাত জাহানসহ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর মতো আলোকিত মানুষরাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশের ভবিষ্যৎ নির্মাণে বড় ভূমিকা রাখছেন।
