

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বাউফলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে লালু শাহ (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে ওই ঘটনা ঘটেছে। অভিযুক্ত লালু শাহ একই ইউনিয়নের একই গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার পড় লালু শাহ পলাতক রয়েছেন। এরা সম্পর্কে নানা নাতনী বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রবিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে ধানদী গ্রামে একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালু শাহ। বিষয়টি জানার পর শিশুটির পরিবার প্রথমে অভিযুক্তের ছেলে ওয়ার্ড চৌকিদার মহিবুল্লাহকে জানান। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রবিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.মো.শাহরিয়ার আল কাইয়ুম জানান, প্রাথমিক পরীক্ষার পর শিশুটির শারীরিক অবস্থা বিবেচনা করে ফরেনসিক রিপোর্টের জন্য রাতেই শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনা জানার পর আমরা ভুক্তভোগীর পরিবারের খোঁজ-খবর নিয়েছি। ভিকটিমকে ফরেনসিক পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লালু শাহ পলাতক রয়েছে।
