

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল এলাকার সমালোচিত ইউপি সদস্য জামাল ভূইয়া (৪৮) ওরফে জামাল মেম্বারকে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার মামলাও বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব অষ্টগ্রামের পুকুরপাড় এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী গৃহবধূ মিনারা বেগম (২৫) কে মারধর, শ্লীলতাহানি, বসত বাড়িতে ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর কুতুব মিয়া (৬৫) বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে সরকারি জমি দখলের খবর সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক দৈনিক ইনকিলাব-এর অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাদিরুজ্জামান বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন।
এছাড়াও উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রক্ষ্মপাড়া এলাকার বাসিন্দা আঙ্গুর ভূইয়া (৬৫) বাদী হয়ে ১৬ নভেম্বর ২০২৫ তারিখ জামাল ভূইয়া ওরফে জামাল মেম্বারের নামে আরো একটি মামলা দায়ের করেন, যা এখনো বিচারাধীন।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান জানান, “জামাল ভূইয়া ওরফে জামাল মেম্বারকে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।”
