

সাব্বির হোসেন, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর সরিষা চাষে নতুন আশার আলো দেখছেন কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শ ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে কম খরচে বেশি ফলন পাওয়ায় এ অঞ্চলে সরিষা চাষে আগ্রহ দ্রুত বাড়ছে।
সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি মৌসুমে গ্রামের কয়েকজন উদ্যোমী কৃষক নিজেদের জমিতে সরিষার আবাদ করেন। তাঁদের মধ্যে মো. ইউনুস মিয়া, মো. জসিম উদ্দিন ও মো. ওয়াহিদ মিয়া উল্লেখযোগ্য।
তাঁরা জানান, সময়মতো বীজ বপন, সুষম সার প্রয়োগ ও রোগবালাই দমনে কৃষি বিভাগের সরাসরি তদারকির কারণে এবার ফলন আশানুরূপ হয়েছে।
কৃষক ইউনুস মিয়া বলেন, আগে ধান কাটার পর জমি পতিত পড়ে থাকত। এখন একই জমিতে সরিষা চাষ করে অতিরিক্ত আয় হচ্ছে। “সময় কম লাগে, খরচও তুলনামূলক কম। বাজারদর ভালো থাকায় লাভের মুখ দেখছি,” যোগ করেন তিনি।
জসিম উদ্দিন ও ওয়াহিদ মিয়াও জানান, আধুনিক পদ্ধতি অনুসরণ করায় উৎপাদন বেড়েছে এবং আগের তুলনায় ঝুঁকিও কমেছে। তাঁদের মতে, মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ পাওয়ায় চাষাবাদ সহজ হয়েছে।
উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা শামিমুল হক শামীম বলেন, উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে সরিষার ফলন বাড়ছে। “কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। এতে উৎপাদন খরচ কমে এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হচ্ছে,” বলেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর জানান, গত তিন বছরে বাহুবলে সরিষা চাষের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে উপজেলায় প্রায় ১৩০ একর জমিতে সরিষার আবাদ হয়েছে। ধান কাটার পর পতিত জমিকে উৎপাদনের আওতায় আনতে সরিষা একটি সম্ভাবনাময় ফসল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় কৃষি কর্মকর্তাদের আশা, বাজারমূল্য অনুকূলে থাকলে আগামী মৌসুমে সরিষা চাষের পরিধি আরও বিস্তৃত হবে এবং কৃষকদের আয় বৃদ্ধি পাবে।
