ঢাকা
logo
প্রকাশিত : February 26, 2026

দ্রুততম সময়ে বহুল প্রত্যাশিত জয়সিদ্ধি ব্রিজের নির্মাণ সম্পন্নের অপেক্ষায় এলাকাবাসী

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ভাটির জনপদ খ্যাত পশ্চিম বীরগাঁও ইউনিয়ন। ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই এক সময় হেমন্তে পাও (পা), বর্ষায় নাও (নৌকা) নিয়ে চলতো যাতায়াত কার্যক্রম। কিন্তু এই জনপদে বিগত সরকারের আমলে লেগেছে উন্নয়নের ছোঁয়া, বদলে গেছে পুরো যোগাযোগ চিত্র। এখন আর যোগাযোগে নৌকা লাগে না বলতেই চলে। এই জনপদে নির্মাণ করা হচ্ছে উপজেলার দীর্ঘতম গ্রামীণ সড়ক শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়ক। সড়কটির প্রায় ৬০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কটির বড় তিনটি ব্রিজের মধ্যে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বসীখাউড়ী ব্রিজ। পুরোদমে কাজ চলছে জয়সিদ্ধি খালের উপর ৬০মিটার ব্রিজের কাজ। বহুল প্রত্যাশিত জয়সিদ্ধি ব্রিজটির কাজ সম্পন্ন হলে আরো বদলে যাবে এলাকার যোগাযোগের চিত্র।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের জয়সিদ্ধি খালের উপর ৬০মিটির আরসিসি গার্ডার ব্রিজটি ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬ কোটি ৩৪ লক্ষ ৪২ হাজার ৫৪৩ টাকা ব্যয় ধরে দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দরপত্রের মাধ্যমে বিগত ০১ আগস্ট ২০২৩ সালে কাজটি পায় হবিগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মো. গোলাম ফারুক এন্ড এম/এস. শাহিন ট্রেডার্স (জেভি)।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শান্তিগঞ্জ বাজার থেকে পশ্চিম বীরগাও ইউনিয়নের জয়সিদ্ধি ঈদগাঁহ পর্যন্ত শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের কাজ সম্পন্ন হয়ে গেছে। জয়সিদ্ধি ঈদগাঁহ’র পাশের খালের উপর নির্মাণ করা হচ্ছে ৬০মিটির আরসিসি গার্ডার ব্রিজ। ব্রিজটির ইতোমধ্যে এপ্রোচ, নিচের পাইলিং ও পিলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে আরসিসি গার্ডার বসানোর কাজ। নিয়ম ও ওয়ার্ক ওয়ার্ডার অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যবহার করছেন নির্মাণ সামগ্রী। ব্রিজের প্রায় ৫৫ ভাগ কাজ শেষ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মো. গোলাম ফারুক এন্ড এম/এস. শাহিন ট্রেডার্স (জেভি)। কাজটি দ্রুত গতীতে সম্পন্ন দেখতে চান এলাকাবাসী।

জয়সিদ্ধি গ্রামের সমাজসেবক সোহেল আহমদ জানান, আমাদের এই সড়ক ও ব্রিজটি আমাদের স্বপ্ন ছিলো, আজ সড়কটি বাস্তবায়ন হয়েছে। এখন ব্রিজের কাজ চলমান আছে। ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হলে আমাদের সড়ক যোগাযোগের চিত্র বদলে যাবে। স্বাধীনতার ৫৪ বছর পরে আজ আমাদের স্বপ্ন পুরণ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনও আন্তরিক ভাবে এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা এলাকাবাসীও তাদের কাজে সহযোগিতা করছি।

বসিয়াখাউরী গ্রামের প্রমোদ দাস জানান, হেমন্তে পাও আর বর্ষায় নাও ছাড়া আমাদের যোগাযোগের উপায় ছিলো না। সড়কটি নির্মাণ হওয়ায় আমাদের এখন নৌকা লাগে না বলেই চলে। আমরা এখন দিনে রাতে গাড়ি যোগে চলাফেরা করতে পারি। একটি সময় আমাদের এলাকায় সড়ক না থাকায় কত অসুস্থ মানুষ হাসপাতালে নিয়ে যেতে যেতেই পথে মারা গেছেন। এখন দ্রুতগতিতে আমরা অসুস্থ মা-বোনদের গাড়ি যোগে হাসপাতালে নিয়ে যেতে পারি। এই সড়কের জয়সিদ্ধি খালের উপর ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলে আমাদের যোগাযোগের আরো উন্নতি হবে।

পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান জায়গীরদার খোকন জানান, শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কটি আমাদের স্বপ্নের সড়ক। এই সড়কের প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আমার ইউনিয়নের মানুষজন এই সড়ক না থাকায় অনেক কষ্ট করেছেন। এখন সকল কষ্ট লাগব হয়েছে। জয়সিদ্ধি ব্রিজটিও খুব সুন্দর ভাবে কাজ চলমান আছে। তবে এই সড়কের অসমাপ্ত কাজ গুলো আমাদের নবনিবার্চিত সংসদ সদস্য জননেতা মোহাম্মদ কয়ছর আহমেদের নেতৃত্বে সম্পন্ন দেখতে চাই।

ঠিকাদারী প্রতিষ্ঠান মো. গোলাম ফারুক এন্ড এম/এস. শাহিন ট্রেডার্স (জেভি)’র স্বত্বাধীকারী মো. শাহিন আলম জানান, আমরা এই ব্রিজের ডিজাইন ও ওয়ার্ক ওয়ার্ডার অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যেন দ্রুত সময়ের মধ্যেই আমাদের কাজটি সম্পন্ন করতে পারি। নানান সময় কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় কাজে কিছুটা বিলম্ব হয়েছে।

উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, ব্রিজটি দ্রুত সময়য়ের মধ্যে শেষ করতে ঠিকাদারকে তাগিদ দিয়েছি। কাজের গুণগত মান ঠিক রেখে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। আমরাও নিয়মিত ভাবে তদারকি করে আসছি। চলমান কাজে কোন অনিয়ম বা ত্রুটি দেখা যায় নি। আশা করি আগামী জুনের মধ্যে এই ব্রিজের কাজ নির্মাণ কাজ সম্পন্ন করা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram