ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

রমজানের রোজা, ছোট্ট হযরতের স্বপ্ন আর বাবার নিঃস্বার্থ ভালোবাসা

মোঃ ইব্রাহিম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র রমজান মাস। চারদিকে সংযম, ত্যাগ আর আত্মশুদ্ধির আবহ। গরমে ক্লান্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন রোজাদাররা। ঠিক এমনই এক বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার শান্তি মোড় ব্রিজ এলাকায় দেখা গেল হৃদয়ছোঁয়া এক দৃশ্য—যেখানে রোজা, সন্তানের আবদার আর বাবার ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য মানবিক গল্প।

বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের খয়ের বাড়ি মির্জাপুর গ্রামের ভ্যানচালক জুয়েল বাবুর ছেলে হযরত আলী (৮)। তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী ছোট হলেও তার ইচ্ছাশক্তি বড়দের মতোই দৃঢ়। রমজানের প্রতিটি রোজা রাখার চেষ্টা করছে সে। ক্ষুধা আর তৃষ্ণা তাকে দমিয়ে রাখতে পারে না; বরং ইফতারের অপেক্ষায় তার চোখে ভাসে অন্যরকম এক আনন্দ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি), ৬ রমজান। বাবার সঙ্গে বিরামপুর হাটে বড় পাঙ্গাস মাছ কিনতে আসে হযরত। বাজারের কোলাহল শেষে বাড়ি ফেরার পথে শান্তি মোড় ব্রিজের পূর্ব পাশে একটি আখের রসের দোকান দেখে থেমে যায় সে। কচি কণ্ঠে আবদার করে—“আব্বু, আজ ইফতারে আখের রস খাবো।”

ভ্যানচালক বাবা—দিনভর কঠোর পরিশ্রম করেই যার সংসার চলে। পকেটে ছিল একটি ৫০০ টাকার নোট। সংসারের হিসাব-নিকাশ মাথায় থাকলেও সন্তানের মুখের হাসির কাছে তা হার মানে। দোকান থেকে ভাঙতি করে ৭০ টাকায় এক লিটার বোতলজাত আখের রস কিনে দেন ছেলেকে। ছেলের চোখে তখন আনন্দের ঝিলিক—যেন সে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ পেয়েছে।

এই আখের রস বিক্রি করছেন মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের মশিউর রহমান। তিনি প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত। শান্তি মোড় ব্রিজ এলাকায় প্রায় চার বছর ধরে নিয়মিত আখের রস বিক্রি করছেন।

তিনি জানান, প্রতি লিটার আখের রস বোতলসহ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করেন। রমজান মাসে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্রি বেশি হয়। গরমের সময় ইফতারে তৃষ্ণা মেটাতে আখের রসের চাহিদা বেড়ে যায়। অন্য সময় সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram