

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুবৃর্ত্তরা ৪ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ী সুমন শেখ বলেন, তিনি সোমবার দিবাগত রাত ৯টায় তারাবীর নামাজ শেষে বাড়ির নিচ তলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। তিনি ২তলায় গিয়ে বেডরুমে গ্লাস ভাঙ্গা ও ৪টি ছিদ্র দেখতে পান। সাথে সাথে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বাড়ি পরিদর্শন করে গেছেন। এ ঘটনার পর ওই ব্যবসায়ী ও তার পরিবার আতঙ্কে আছেন বলে জানান তিনি।
কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন, খবর পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি গুলি নাকি গুলতি দিয়ে আঘাত করা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে দেখছে।
