ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2026

বগুড়া-৬ আসনে উপনির্বাচন, জাইমা রহমানসহ আলোচনায় যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিজয়ী হওয়ার পর বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেওয়ায় বগুড়া-৬ আসনে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে কে হচ্ছেন দলীয় প্রার্থী—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটিতেই বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। বিশেষ করে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে এ আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিপুল ভোটে জয় পান দলের চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে শূন্য হওয়া আসনে সম্ভাব্য প্রার্থী নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। কেউ কেউ তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন। পাশাপাশি স্থানীয় নেতাদের মধ্য থেকেও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল), বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম এবং সাবেক সংসদ-সদস্য হেলালুজ্জামান তালুকদারের নাম শোনা যাচ্ছে।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পরই যথাসময়ে দলের হাইকমান্ড থেকে প্রার্থিতার ঘোষণা দেওয়া হবে। বগুড়া-৬ ও বগুড়া-৭ জিয়া পরিবারের আসন। অতীতে এ দুই আসনেই প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে বিপুল ভোটে দলের চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ, নাকি অন্য কোনো নেতা প্রার্থী হবেন—সেই সিদ্ধান্ত দেবেন দলের চেয়ারম্যান।”

দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও বগুড়া-৬ আসনের উপনির্বাচন ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও জল্পনা-কল্পনা জোরদার হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram