

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে পাহাড়, টিলা ও কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার অভিযোগে ৬টি ইটভাটায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটিখেকোদের ফেলে যাওয়া একটি এক্সক্যাভেটর ঘটনাস্থলেই বিকল করে দেওয়া হয়।
এ সময় স্থানীয়ভাবে চিহ্নিত মাটিখেকো হেলাল উদ্দিন বাবলু, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ রিফাতকে আটকের লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় বলে জানা গেছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ছনখোলা গ্রামের ৬টি ইটভাটা দীর্ঘদিন ধরে পাহাড়, টিলা ও টপসয়েল কেটে ইট তৈরি করে আসছিল। এ ছাড়া এওচিয়া ইউনিয়নের কিছু চিহ্নিত ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত।
সাতকানিয়া আর্মি ক্যাম্প–এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, “সেনাবাহিনীকে ম্যানেজ করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে একটি চক্র পাহাড় ও টপসয়েল কাটার চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। ঘটনাস্থলে একটি এক্সক্যাভেটর বিকল করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় সচেতন মহল পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।
