

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে মিরসরাই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। এসময় ৮ ব্যক্তিকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার, মিরসরাই পৌরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮ টি মামলায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ও ন্যয্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অভিযানে মিরসরাই থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
