

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে মাঠে মাঠে কৃষকের জমিতে শোভা পাচ্ছে সরিষার ক্ষেত। মাঠের পর মাঠ রাস্তার উভয় পার্শ্বে বিস্তীর্ণ এলাকার মাঠ জুড়ে সরিষার ক্ষেত দেখা যাচ্ছে। কৃষকরা আশা করছেন এ বছরে সরিষার ভালো ফলনের। সরিষার দাম যদি ভালো পাওয়া যায়, তাহলে লাভের মুখ দেখবেন সরিষা চাষী কৃষকরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি’২৬) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরিষা চাষীরা কীটনাশক প্রয়োগ করছেন পোকা-মাকড় দমনের জন্য। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি সরিষা মৌসুম উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। গত বছরে প্রতি হেক্টর জমিতে ১.৫৮ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়। কৃষকরা আশা করছেন, এবছরে গত বছরের তুলনায় ফলন আরও বেশি পাওয়া যাবে। উপজেলার বিভিন্ন এলাকায় বারী-১৮ ও ১৭ জাতসহ বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে।
উপজেলার তারগাঁও ইউনিয়নের তারগাঁও গ্রামের সরিষা চাষী কৃষক শ্রীরবিন চদ্র রায় জানান, তিনি এবছর ১ একর জমিতে বারী-১৭ ও ১৮ জাতের সরিষা চাষ করেছেন। বর্তমানে গাছের দানা ভালো হয়েছে। ভালো ফলনের আশা করেছেন তিনি। একোই গ্রামের আরেক সরিষা চাষী কৃষক শ্রী হরি কান্ত বলেন, বাজারে এবার সরিষার দাম ভালো পাওয়া গেলে উৎপাদনে খরচ বাদ দিয়ে কৃষকের লাভ হতে পারে।
এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান এই প্রতিনিধিকে জানান, অত্র উপজেলায় ১৩শত জন কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতি ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কাজ করছেন কৃষকদের নিয়ে।
