

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইটভাটার জন্য কৃষিজমির উর্বর টপসয়েল কেটে নেওয়ার অপচেষ্টা সেনাবাহিনী রুখে দিয়েছে। ওই সময় টপসয়েল কাটার কাজে ব্যবহৃত ৪টি এস্কেভেটর, ৮টি ডাম্প ট্রাক ও ২টি শ্যালো মেশিন বিকল করে দেওয়া হয়।
রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, “সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে টপসয়েল কাটার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপচেষ্টা রুখে দিয়েছি।”
সেনাবাহিনী সূত্র জানায়, ইটভাটার সঙ্গে সম্পৃক্তরা গুজব ছড়িয়ে স্থানীয়দের বিভ্রান্ত করতে চেয়েছিল। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানের খবরে জড়িতরা ব্যবহার করা যন্ত্রপাতি ফেলে পালিয়ে যায়, পরে সেনা সদস্যরা সেগুলো বিকল করে দেন।

