ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সাতকানিয়ায় কৃষকের স্বপ্ন ভেঙে দিল দুর্বৃত্তরা, কেটে দেয়া হলো সূর্যমুখীর সব গাছ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ফুল ছিঁড়তে নিষেধ করায় নুরুল ইসলাম নামে এক কৃষকের সূর্যমুখী ক্ষেতের সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটতল হিন্দুপাড়া সংলগ্ন মাহালিয়া বিলে এ ঘটনা ঘটে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু দাশ জানান, তেল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক নুরুল ইসলামকে ৩৩ শতক জমিতে চাষের জন্য ১ কেজি সূর্যমুখী বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়। তবে তিনি ১০ শতক জমিতে সূর্যমুখীর চাষ করেন। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে বীজ পরিপক্ব হওয়ার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা ক্ষেতের সব গাছ কেটে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষেত পরিদর্শন করা হয়েছে এবং আগামী মৌসুমে পুনরায় প্রণোদনা সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও প্রণোদনায় জীবনের প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করি। গাছে ফুল আসার পর কিছু তরুণ ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ মানুষ খেতে ভিড় করতেন। অনেকেই ফুল ছিঁড়তেন এবং গাছ নষ্ট করতেন। এতে পাশের কৃষকদের সবজিক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়। শনিবার কয়েকজনকে ফুল না ছিঁড়তে বলার পরই সকালে এসে দেখি পুরো ক্ষেত কেটে দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষক শওকত আলী ও বিপ্লব বিশ্বাস বলেন, বীজ বপন থেকে ফুল আসা পর্যন্ত নুরুল ইসলাম অনেক পরিশ্রম করেছেন। কয়েকদিন পরই ফসল সংগ্রহের কথা ছিল। কিন্তু রাতের আঁধারে সব গাছ কেটে দেওয়ায় তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে কৃষি বিভাগ থাকবে এবং পুনরায় প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram