

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা হামলা-ভাংচুরসহ সহিংসতা চলায়। এ তথ্য সংগ্রহকালে সংবাদের প্রতিনিধি মো. শামছুল হুদা চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় দেওয়ানগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদসহ ওই ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হন।
ভুক্তভোগী সাংবাদিক শামছুল হুদা’র ভাষ্য, মন্ডলবাজার এলাকার সুজন মিয়া নামের এক ব্যক্তি বিএনপি নেতা জিন্নাহ, বাবু, রিপন, সিফাত, সুমন এর হামলার শিকার হয়। সেই তথ্য সংগ্রহ করে আরেক হামলার শিকার হওয়া ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহকালে দেওয়ানগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ এর নেতৃত্বে সন্ত্রাসী স্টাইলে হামলা করে বেধরক মারধর করে জিন্নাহ, বাবু, রিপন, সিফাত, সুমনসহ আরো কয়েকজন। হামলার সময় দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু সেখানে উপস্থিত ছিলেন, তিনি পরিবেশ শান্ত করেন।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেস আলী মামুন এর এক সংবাদ সম্মেলনে জেলা সাংবাদিকরা হামলার বিষয়ে প্রশ্ন ছুঁড়ে দেন। শাহ্ মো. ওয়ারেস আলী মামুন বলেন, হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ঘটনা সত্য হয়ে থাকলে দলীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

