ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মানিকগঞ্জের ৩ আসনে ২০ প্রার্থীর মধ্যে ১৩ জনের জামানত বাজেয়াপ্ত

মানিকগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি আসনে ২০ জন প্রার্থীর মধ্যে ১৩ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে মানিকগঞ্জ-১ আসনে ৪ প্রার্থী, মানিকগঞ্জ-২ আসনে দুইজন প্রার্থী ও মানিকগঞ্জ-৩ আসনে সাত জন প্রার্থী জামানত হারান।

তারা হলেন- মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন, জনতার দলের প্রার্থী মো: শাহজাহান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীম, মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এস, এম আবদুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী, মানিকগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল বাশার বাদশা, জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, বাংলাদেশ জাসদের প্রার্থী শাহজাহান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সামসুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, রফিকুল ইসলাম খান, মফিজুল ইসলাম খান কামাল।

ফলাফল ঘোষণার পর বিশ্লেষণে দেখা গেছে, তিন আসনে মোট ২০ জন প্রার্থী লড়াই করলেও তাদের মধ্যে ১৩ জনই ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ (আট ভাগের এক ভাগ) ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

তিনটি সংসদীয় আসনে এবার ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল অনেক বেশি।

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে ৭জন প্রার্থীর মধ্যে ৪জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে ২ লক্ষ ৯৮ হাজার ৪৬৩ ভোটের মধ্যে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৭ হাজার ৩০৮ ভোট। বিএনপি প্রার্থী এস,এ জিন্নাহ কবির ১ লক্ষ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক তোজা পান ৭৭ হাজার ৮১৮ ভোট এবং জামায়াতে ইসলামীর আবু বকর সিদ্দিক পান ৭১ হাজার ৩১০ ভোট। বাকি চার প্রার্থী এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারান।

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর ও সদরের একাংশ) আসনে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান ১ লক্ষ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মো. সালাহ উদ্দিন পান ৮১ হাজার ৫৩১ ভোট। তবে জাতীয় পার্টির এস এম আব্দুল মান্নান ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর পান ৬৮ হাজার ২৮২ ভোট। বাকি সাতজন প্রার্থী যাদের মধ্যে বহিষ্কৃত বিএনপি নেতা ও জাতীয় পার্টির প্রার্থীও রয়েছেন, তারা কেউই জামানত রক্ষার মতো ভোট পাননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram